ফুল কেন ভয় পাও । মানিক বৈরাগী
তোমরা কেন ফুল ভালোবাসো না
ফুলের কি অপরাধ ফুল কে ভয় পেতে হবে?
কোন তরুণ - তরুণী, শিশুকিশোর বৃদ্ধ - বৃদ্ধা
সংসার পালানো কোন যুবক আবারও ফুল হাতে নেয়
ভালোবাসার প্রতিক্ষায়
উদ্দাম দামাল ছেলেরা ফুল হাতে দৌড়াতে দৌড়াতে
বত্রিশের পোড়া - ভাঙা বাড়িটির দিকে ছুটে যায়
তোমরা কেন তাদের ভয় পাও?
ঐ ভাঙা বাড়িটির এমন কি শক্তি আছে
যেখানে কাওকে যেতে দেয়া হবে না?
পুকুরে পাড়ে শিঙাড়া চমুচা ঝালমুড়ি ওয়ালারা কি অপরাধ করেছে
তাদের বেধড়ক পেটাতে হবে? লাল চা ওয়ালার কেটলি টা ভেঙে গরম জল টুকু ফেলে
তোমরা এমন কি বীরত্ব ফলালে?
তোমরা এত্তো এত্তো ভয় নিয়ে বেঁচে আছো কি ভাবে
ঐ ভাঙা বাড়িটির এমন কি যাদু জানে
নারী পুরুষ তরুণ তরুণী শিশুকিশোর আবালবৃদ্ধবনিতা
কেন নানান উছিলায় ৩২শে ছুটে যায়?
আমি ভাঙা বাড়িটির দিকে একবার ও যায় নি
আমার কান্না আসে না,কারণ আমার বুকে অবিকল বত্রিশ আছে।
