কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন
কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের জন্মদিন
৩০ মে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, সাংবাদিক ও বঙ্গবন্ধু-গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল-এর জন্মদিন। শেরপুরে জন্মগ্রহণকারী এই কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় একশত। কবিতা তাঁর প্রধান সৃজনভূমি হলেও শিল্প-সাহিত্যের প্রায় সব শাখায় তিনি স্বাক্ষর রেখে চলেছেন।দীর্ঘ দেড় যুগ ধরে প্রবাসজীবনে থাকলেও তিনি শেকড় থেকে বিচ্ছিন্ন হননি। বরং প্রবাসজীবনের নানা অনুষঙ্গকে নতুন আঙ্গিকে কবিতায় রূপ দিয়ে বাংলা কবিতাকে সমৃদ্ধ করছেন এবং যুক্ত করছেন নতুন মাত্রা।

তাঁর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক গবেষণাগ্রন্থগুলো পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।তিনি বাংলাদেশ টেলিভিশনের শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান ‘দৃষ্টি ও সৃষ্টি’-এর উপস্থাপক ছিলেন। তাঁর রচিত বেশ কয়েকটি গান ও নাটক জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন মাধ্যমে প্রচারিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাযযাদ আমিনের কথা, জাকির, সাদিকের জীবন ও সাহিত্য, বৃক্ষ বন্দনা, মুহম্মদ আলির চিঠি, ভালোবাসি ভালোবাসি, ওয়ান্ডারল্যান্ড, শাখা ও শেকড়, বৈশাখী এবং জাদুকর। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘ও ও বাংলাদেশ, বাংলাদেশ’, ‘এ দেশ আমার মায়ের আরেক নাম’ এবং ‘ঐ পতাকায় তাকিয়ে দেখি আমার মায়ের শ্যামলা মুখ’।

ছাত্রাবস্থায় দৈনিক দৈনিক ইত্তেফাক-এর মফস্বল সংবাদদাতা হিসেবে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরবর্তীকালে তিনি দেশের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন। ১৯৮০ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৯৬ সালে তৎকালীন সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ২০০৫ সালে তিনি স্বপরিবারে কানাডায় অভিবাসন গ্রহণ করেন।

কবির জন্মদিন উপলক্ষে শেরপুর প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া আজ টরন্টোর টিএফএফ কার্যালয়ে চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত-এর চলচ্চিত্র চরাচর প্রদর্শনীর পর আনন্দঘন পরিবেশে কবির জন্মদিন উদ্‌যাপন করা হয়। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।

সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান